
রাজধানীর কল্যাণপুরে মশাল মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
রাজধানীর কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোহাম্মদপুর থানা শাখার নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দারুসসালাম এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শেরেবাংলা নগর থানা এলাকায় গিয়ে শেষ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী মশাল হাতে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের নির্দেশনায় এ মিছিল বের করা হয়।
তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার দিকে দারুসসালাম থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল শুরু হয়। পরে সেটি শেরেবাংলা নগর থানা এলাকায় গিয়ে শেষ হয়।
তবে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন তার থানা এলাকায় মিছিল হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।