
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় আবাসিক এলাকায় নয়জন আরোহী নিয়ে একটি লিয়ারজেট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের সব আরোহী নিহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে ফ্লোরিডার ক্রেস্টহেভেন এলাকার কাছে বিমানটি বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য জানিয়েছে।
এফএএর বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। এর গন্তব্য ছিল বাহামাসের নর্থ এলিউথেরা বিমানবন্দর।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিমানের নয় আরোহীর সবাই নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি এ ঘটনাকে ‘ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেন।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। তবে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।