
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এ সময় অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এগিয়ে এলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের আন্দোলনের মুখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটি এলাকার আশপাশের শিল্পকারখানাগুলো আবারও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিক্ষোভ ও ভাঙচুরের কারণে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে আশপাশের আবাসিক এলাকাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।