
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার সিডনির ল্যাকেম্বায় মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাবলেট মেরামতসহ আধুনিক প্রযুক্তিসেবার সমন্বয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘সেল এক্সপার্টস’ (Cell Experts)।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ল্যাকেম্বার ৪৫ রেলওয়ে প্যারেডে (45 Railway Parade, Lakemba, NSW 2195) ফিতা কেটে প্রতিষ্ঠানটির গ্র্যান্ড উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক, জনপ্রতিনিধি, আইনজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শেখ আবু হুরায়রা আল আজহারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন।
ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের মেয়র বেলাল এল হেইকের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন কাউন্সিলর হেদি সালেহ। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন কাউন্সিলর শিরিন আক্তার, সাবেক কাউন্সিলর মোহাম্মাদ জামান টিটু, বিশিষ্ট আইনজীবী ড. মোহাম্মাদ সিরাজুল হক, আইনজীবী উপল আমিন।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব গামা আব্দুল কাদির, জন্মভূমি টিভির চেয়ারম্যান আবু রেজা আরেফিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের সাবেক সভাপতি একেএম ফজলুল হক শফিকসহ অন্য অতিথিরা।
সেল এক্সপার্টসে আইফোন, স্যামসাং, অপো, নকিয়া ও হুয়াওয়েসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাবলেট মেরামতের সুবিধা থাকছে। সেবার মধ্যে রয়েছে স্ক্রিন ও ব্যাটারি পরিবর্তন, চার্জিং পোর্ট ও ক্যামেরা মেরামত, পানিতে ক্ষতিগ্রস্ত ডিভাইসের জটিল সমস্যা সমাধান এবং তথ্য পুনরুদ্ধার (ডেটা রিকভারি)।
এ ছাড়া প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাকসেসরিজ বিক্রির পাশাপাশি ফটোকপি, প্রিন্টিং, লেমিনেটিং এবং জাস্টিস অব দ্য পিস (জেপি) সেবাও পাওয়া যাবে।
কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় রেখে প্রতিষ্ঠানটি প্রতিদিন রাত ১২টা পর্যন্ত খোলা রাখার পরিকল্পনা করেছে। পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রাংশের প্রাপ্যতা সাপেক্ষে মাত্র ৩০ মিনিটে মেরামতের জন্য এক্সপ্রেস সার্ভিসের ব্যবস্থাও রাখা হয়েছে।