News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
আন্তর্জাতিক ডেস্ক প্রথম পাতা 2026-11-03, 9:30am

স্বর্ণের দাম কমায় ক্রেতারা আবারও ফিরছেন জুয়েলারির দোকানে

resize-dc3d3b1a336fbbd51585e31c95f45c831793676626.jpg


স্বর্ণের দাম কমে যাওয়ায় ভারতের বাজারে গয়না কেনার আগ্রহ বাড়তে শুরু করেছে। উৎসব ও বিয়ের মৌসুম সামনে রেখে ক্রেতারা আবারও ফিরছেন জুয়েলারির দোকানে। এতে ধনতেরাস উৎসবকে কেন্দ্র করে স্বর্ণালংকার বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় ১০ থেকে ১২ শতাংশ বাড়তে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

ভারতের বাজারে গত এক মাসে স্বর্ণের দাম ৭ শতাংশের বেশি কমেছে। এতে উৎসবের কেনাকাটার পাশাপাশি আসন্ন বিয়ের মৌসুমের জন্য আগাম গয়না তৈরির অর্ডারও বাড়ছে। আগামী ৬ নভেম্বর ধনতেরাস উৎসব পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন জুয়েলারি ব্যবসায়ীরা।

ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক সুরেন্দ্র মেহতা জানান, ধনতেরাসে স্বর্ণালংকার বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় ১০ থেকে ১২ শতাংশ বাড়তে পারে। ভারতে ধনতেরাসকে মূল্যবান সামগ্রী কেনার জন্য শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়।

সোমবার মুম্বাইয়ের খুচরা বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৭ হাজার রুপি। এক মাস আগে একই পরিমাণ স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৮ হাজার রুপি। গত ২৯ জানুয়ারি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার রুপিতে উঠেছিল।

দাম কমার প্রভাব পড়েছে জুয়েলারির দোকানগুলোতেও। বিক্রেতারা জানিয়েছেন, দোকানে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। স্বর্ণালংকারের পাশাপাশি রুপার মুদ্রা ও বিভিন্ন সামগ্রীর চাহিদাও বাড়ছে। দাম দ্রুত বেড়ে যাওয়ার সময় যারা কেনাকাটা স্থগিত রেখেছিলেন, তাদের একটি অংশ এখন আবার বাজারে ফিরছেন।

কল্যাণ জুয়েলার্সের নির্বাহী পরিচালক রমেশ কল্যাণারামন বলেন, স্বর্ণ ও রুপার দাম কমে আসায় উৎসবের কেনাকাটার জন্য ক্রেতারা তুলনামূলক স্বস্তিদায়ক পরিস্থিতি পেয়েছেন। গত সপ্তাহের শেষ দিকে তাদের বিভিন্ন শোরুমে ক্রেতাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে স্বর্ণালংকার বিক্রিতে গতি ফিরেছে।

আউরা জুয়েলসের নির্বাহী পরিচালক বিপুল শাহ বলেন, স্বর্ণের দাম কমায় ক্রেতারা এখন আগের তুলনায় বেশি নকশা ও ওজনের গয়না বিবেচনা করতে পারছেন। একই বাজেটের মধ্যে পছন্দের গয়না কেনার সুযোগ তৈরি হওয়ায় বিয়ের কেনাকাটায় ইতিবাচক প্রভাব পড়ছে।

তবে অতীতের তুলনায় স্বর্ণের দাম এখনো বেশি থাকায় ক্রেতারা বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে কেনাকাটা করছেন। এ কারণে হালকা ওজনের গয়না, কম ক্যারেটের স্বর্ণ এবং তুলনামূলক কম দামের অলংকারের প্রতি আগ্রহ বাড়ছে। বিশেষ করে ১৮ ক্যারেটের গয়না ও হালকা নকশার সংগ্রহ ক্রেতাদের কাছে জনপ্রিয় হচ্ছে।

টাইটান কোম্পানির মালিকানাধীন ক্যারেটলেনের সহপ্রতিষ্ঠাতা গুরু কীর্থি গুরুনাথন বলেন, এবারের উৎসবের মৌসুমে গয়নার ধাতু বা দাম নয়, নকশাই ক্রেতাদের পছন্দের ক্ষেত্রে বেশি গুরুত্ব পাচ্ছে। দৈনন্দিন ব্যবহারের উপযোগী হালকা হীরার গয়না, পাথর বসানো অলংকার ও সলিটেয়ার গয়নার চাহিদা বাড়ছে।

ব্যবসায়ীদের মতে, স্বর্ণের দামের সাম্প্রতিক পতন উৎসব ও বিয়ের বাজারে নতুন করে প্রাণ ফিরিয়েছে। ধনতেরাসকে সামনে রেখে কেনাকাটার এই গতি অব্যাহত থাকলে চলতি মৌসুমে জুয়েলারি খাতে বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস।