
ইরানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পারমাণবিক হামলার পরিস্থিতিতে করণীয় বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা প্রচার করা হচ্ছে। সম্ভাব্য এমন হামলার পর নিজেদের সুরক্ষায় কী পদক্ষেপ নিতে হবে, তা জানিয়ে নাগরিকদের পাঁচটি পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) প্রচারিত এসব নির্দেশনায় বিস্ফোরণের মুহূর্তে নিরাপদ আশ্রয় নেওয়া থেকে শুরু করে পরবর্তী সময়ে তেজস্ক্রিয়তা থেকে সুরক্ষিত থাকার উপায় তুলে ধরা হয়।
নির্দেশনায় প্রথমেই বলা হয়েছে, পারমাণবিক বিস্ফোরণের আলো কিংবা আগুনের গোলার দিকে সরাসরি তাকানো যাবে না। বিস্ফোরণ ঘটলে দ্রুত শক্ত কোনো স্থাপনার আড়ালে আশ্রয় নিতে হবে। বিস্ফোরণের অভিঘাতের তরঙ্গ কেটে না যাওয়া পর্যন্ত নিচু হয়ে থাকতে হবে।
দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, বিস্ফোরণের অভিঘাত থেমে গেলে দ্রুত নিকটবর্তী কোনো ভবনের ভেতরে আশ্রয় নিতে হবে। এ সময় জানালা ও ভবনের বাইরের দেয়াল থেকে দূরে থাকতে হবে। বাইরে অবস্থান করা কিংবা ছবি তোলার চেষ্টা করা যাবে না। গাড়িকে নিরাপদ আশ্রয় হিসেবেও ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
তৃতীয়ত, তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে আসার আশঙ্কা থাকলে শরীরের উন্মুক্ত অংশ ভালোভাবে পরিষ্কার করতে হবে। এ জন্য কুসুম গরম পানি ও সাবান ব্যবহার করতে বলা হয়েছে। পাশাপাশি কন্ডিশনারবিহীন সাধারণ শ্যাম্পু দিয়ে গোসলের পরামর্শ দেওয়া হয়েছে। গোসলের সুযোগ না থাকলে অন্তত মুখ, হাতসহ শরীরের খোলা অংশ পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
চতুর্থ নির্দেশনায় হামলার পর অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়স্থলের ভেতরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় শুধু বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার গ্রহণ করতে বলা হয়েছে।
পঞ্চম নির্দেশনায় সতর্ক করে বলা হয়েছে, ২৪ ঘণ্টা পার হলেই পরিস্থিতি নিরাপদ হয়ে গেছে, এমনটি ভাবা যাবে না। আশ্রয়স্থল থেকে বের হওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে। তবে আশ্রয় নেওয়া ভবনে আগুন লাগার বা ধসে পড়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত অন্য নিরাপদ ভবনে সরে যেতে হবে।
সূত্র: এনডিটিভি