News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-11-06, 6:46pm

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

habiganj-8b97272e0a79c0fc167f90834e1f45bc1793969179.jpg


হবিগঞ্জ সদর উপজেলায় চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় কয়েকটি চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় এক গ্রামের লোকজন অন্য গ্রামের বাসিন্দাদের দায়ী করায় দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে ধাওয়া-পালটাধাওয়া চলে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা কয়েকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন।

খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ থামে।

সংঘর্ষে আহত অন্তত ৫০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর মডেল থানার ওসি জাহিদুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। দীর্ঘ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।