
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সশস্ত্র হামলার আশঙ্কা এবং ওই অঞ্চলে মার্কিন সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ইরানি প্রচেষ্টার কথা উল্লেখ করে নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। এতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় বলা হয়, ‘ইরান-সমর্থিত হুথিদের সশস্ত্র হামলার হুমকি বৃদ্ধি এবং ওই অঞ্চলে মার্কিন সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ইরানের প্রচেষ্টার কারণে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।’
একই সঙ্গে অঞ্চলটিতে বিমান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কার কথাও জানিয়েছে ওয়াশিংটন। সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
নাগরিকদের ভ্রমণ পরিকল্পনা পরিবর্তনের সম্ভাবনা মাথায় রাখা এবং সংশ্লিষ্ট পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে হুথি গোষ্ঠীর সম্ভাব্য হামলা কিংবা মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। কোন দেশ বা এলাকায় হামলার ঝুঁকি বেশি, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।
ইয়েমেনের হুথি গোষ্ঠী ইরান-সমর্থিত একটি সশস্ত্র সংগঠন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও আঞ্চলিক উত্তেজনায় গোষ্ঠীটির ভূমিকা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সম্ভাব্য হামলার পাশাপাশি বিমান চলাচল ও আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থায় বিঘ্নের আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।