
ছবি- সংগৃহীত
রাজধানীর মিরপুরে টানা দুই দিনের সহিংস প্রতিবাদ, সংঘর্ষ, গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় প্রায় ১০ হাজার ৫০০ জনকে আসামি করে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।
মিরপুর মডেল ও পল্লবী থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ফলে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এ সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি বিনষ্ট এবং অগ্নিসংযোগের অভিযোগে থানাগুলোতে এসব মামলা দায়ের করা হয়।
বর্তমানে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মিরপুর-১০ ও আশপাশের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে। সহিংসতায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।