
ছবি- সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
পুলিশ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানালে ঢাকার চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক সারা ফারজানা হক এই আদেশ দেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার যাত্রাবাড়ী এলাকায় আন্দোলন চলাকালে ১৭ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ আরিফ গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৬ আগস্ট নিহত আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় শেখ হাসিনা ও ইকবাল সোবহান চৌধুরীসহ ২৩৩ জনকে আসামি করা হয়।