
বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে সরকার। জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজের পাশাপাশি ‘জয় বাংলা’ নামের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। নতুন নাম অনুমোদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠি অনুযায়ী, ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নতুন নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস মনসুর আলী’-এর নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ করা হয়েছে।
অন্যদিকে, ‘বিসিজিএস জয় বাংলা’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের জন্য কোস্টগার্ডকে নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে কোস্টগার্ডের পক্ষ থেকে নতুন নামের প্রস্তাব পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে প্রস্তাবগুলো অনুমোদন করে মন্ত্রণালয়। বৃহস্পতিবার চিঠির মাধ্যমে কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, জাহাজগুলোর নাম পরিবর্তনের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, নতুন নাম পাওয়া চারজনই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন অভিযান পরিচালনার সময় তাঁরা শহীদ হন। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চারটি জাহাজের নতুন নামকরণ করা হয়েছে।