
নোয়াখালীর হাতিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে পাঁচটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে অন্তত ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাগরিকা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে সাগরিকা বাজারের রাকিবের বিরিয়ানি হাউজে থাকা একটি গ্যাস সিলিন্ডারে হঠাৎ আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝতে পেরে হোটেলের কর্মচারীরা দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই আগুনে থাকা সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এরপর হোটেলে থাকা আরও দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ভয়াবহ আকার ধারণ করে।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। এতে একটি হোটেল, একটি লাইব্রেরি, একটি কাপড়ের দোকান, একটি জুতার দোকান, একটি কসমেটিকসের দোকান এবং একটি বসতঘর পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামাল ও আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই আগুনে পাঁচটি দোকান ও একটি বসতঘর পুড়ে যায়।
হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন চৌধুরী বলেন, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে অন্তত ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পর স্থানীয়রা ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে গিয়ে পরিস্থিতি দেখেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।