
ছবি: সংগৃহীত
রাজধানীর নিউমার্কেটে চাঁদা তোলাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট থানা যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা কলেজ ছাত্রদলের অন্তত তিন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের আশঙ্কায় পরে নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আহতদের মধ্যে রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, সুমন সিকদার ও আহ্বায়ক সদস্য মুশফিকুর রহমান। আহত সুমন সিকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ফুটপাতের দোকান বসানো এবং চাঁদা তোলাকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে. এম. চঞ্চলের অনুসারীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর মাতবরের অভিযোগ, নিউমার্কেটের বিভিন্ন দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তোলার সময় যুবদলের কয়েকজন নেতাকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাধা দেন। পরে কে. এম. চঞ্চল ৪০ থেকে ৫০ জন অনুসারী নিয়ে সেখানে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
তবে হামলার বিষয়ে যুবদলের নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন আতিক বলেন, নিউমার্কেট এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান করছে। কয়েকজন আঘাত পেয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দাবি করেছেন, চাঁদা ভাগাভাগিকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে।