
রাজধানীর বনশ্রীতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই বাসের চাপায় তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসপিয়া আহমেদ তিসা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়া এলাকায় বসবাস করতেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, ফরাজী হাসপাতালের সামনে রমজান পরিবহনসহ দুটি বাসের মাঝখানে পড়ে চাপা পড়েন তাসপিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই অভিযান চালিয়ে রমজান পরিবহনসহ দুটি বাস উদ্ধার করা হয়েছে। এ সময় বাস দুটির চালক ও সহকারীদের আটক করা হয়।
নিহতের ভাই এনাম আহমেদ জানান, ব্যক্তিগত কাজে বাসা থেকে মোটরসাইকেলে করে বের হয়েছিলেন তাসপিয়া। পথে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে তিনি সড়কে পড়ে যান। এ সময় দুই বাসের চাপায় তার মৃত্যু হয়।
বনশ্রীর স্থানীয় ব্যবসায়ী মো. মূসা জানান, আগামীকাল তাসপিয়ার কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার পর সন্ধ্যায় ফরাজী হাসপাতালের সামনের সড়কে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তিনি নিহতের স্বজনদের খবর দেন।
এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।