
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার দশালিয়া গ্রামের ৬৫ বছর বয়সী দুস্থ ফিরোজা বেগম নতুন ঘর পেয়েছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্যোগ ও সহযোগিতায় তার জন্য নতুন ঘর নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে তার বিধবা মেয়ে শামসুন্নাহারের জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
জানা যায়, প্রায় ৩৫ বছর আগে স্বামী মারা যাওয়ার পর মাত্র এক শতাংশ জমির ওপর জরাজীর্ণ একটি ঝুপড়ি ঘরে মেয়েকে নিয়ে বসবাস করতেন ফিরোজা। বৃষ্টি হলে ঘরের চাল দিয়ে পানি পড়ত। বয়সের কারণে তিনি নিজে আর ভিক্ষা করতে পারতেন না। মেয়ে শামসুন্নাহার ভিক্ষা করে কোনোভাবে সংসার চালাতেন।
স্থানীয় স্বেচ্ছাসেবী এমদাদুল হক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতকে জানালে তিনি সরেজমিনে ফিরোজার বাড়ি পরিদর্শন করেন। পরে বিষয়টি প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। তার নির্দেশনায় ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ফিরোজার জন্য নতুন ঘরের ব্যবস্থা করা হয়।
নতুন ঘর পেয়ে আনন্দ প্রকাশ করে ফিরোজা বেগম বলেন, ‘আমি কোনোদিন ভাবিনি জীবনের এই বয়সে নতুন একটি ঘরে থাকতে পারব। যারা আমার জন্য এই ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, আমি নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব।’
ইউএনও ফাতেমা জান্নাত জানান, ফিরোজার পাশাপাশি তার বিধবা মেয়ে শামসুন্নাহারের চার সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে তার জন্য কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হয়েছে।