News update
  • জাতীয় প্রেস ক্লাব সদস্য মৃণাল কৃষ্ণ রায় আর নেই     |     
  • এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনকে ঘিরে বিতর্ক     |     
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
বঙ্গলোক ডেস্ক খবর 2026-08-01, 12:24pm

মুদি দোকানের বেঞ্চে রাখা ব্যাগে প্রেশার কুকার বোমা উদ্ধার

6a6c7f82c01f8-27de0a6e4c39b04b38e15d9e883e549e1785565450.jpg

ছবি- সংগৃহীত


আশুলিয়ার একটি মুদি দোকানের সামনে ফেলে যাওয়া একটি ব্যাগের ভেতর থেকে প্রেশার কুকারের মধ্যে রাখা বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করে।

শুক্রবার সকালে আশুলিয়া ইউনিয়নের ইউনাইটেড গার্মেন্টস-সংলগ্ন একটি ফাঁকা স্থানে বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় খেজুর বাগান এলাকার একটি মুদি দোকানের সামনে বেঞ্চে দীর্ঘ সময় ধরে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে প্রেশার কুকারের আকৃতির বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে রাত ৯টার দিকে পুলিশকে খবর দেন তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং প্রাথমিকভাবে বস্তুটি বিস্ফোরক হতে পারে বলে ধারণা করে। পরে বিষয়টি ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে বস্তুটি উদ্ধার করে এবং পরদিন সকালে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে তা নিষ্ক্রিয় করে।

ওসি জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, সন্ধ্যায় ৩০ থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তি দোকানে এসে একটি কোমল পানীয় কেনার কথা বলে ৫০০ টাকার একটি নোট দেন। দোকানির কাছে খুচরা না থাকায় তিনি চলে যান এবং তালাবদ্ধ ব্যাগটি দোকানের বেঞ্চে রেখে যান।

তিনি আরও বলেন, ব্যাগটি সেখানে রেখে যাওয়া ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।