
ছবি- সংগৃহীত
বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার ভোরে ঢাকার কেরানীগঞ্জে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। পরে বিকেল সাড়ে ৩টার দিকে হাফিজুরকে কুমিল্লার আদালতে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মাহবুবুর রহমান জানান, হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পাওয়ার পর গত ৪ আগস্ট কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান হাফিজুর। এরপর রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে লিভ টু আপিল করে।
এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া তার জামিন স্থগিত করেন। একই সঙ্গে বিচারপতি মো. রেজাউল হক তাকে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাকে গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, লিভ টু আপিলের পরবর্তী শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে।
২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়। দীর্ঘ সময় পর চলতি বছরের ২২ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুরকে গ্রেপ্তার করে পিবিআই। এখন পর্যন্ত তিনিই এ মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি।
গত ২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান। তদন্ত কর্মকর্তা জানান, হাফিজুরের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছে।
সূত্র: দ্য ডেইলি স্টার