News update
  • ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত     |     
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ     |     
  • চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন     |     
  • ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৬৬     |     
  • স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম     |     
বঙ্গলোক ডেস্ক ধর্ম ও জীবন 2026-09-16, 9:32am

কুরআন-হাদিসের আলোকে গোপন পাপ থেকে বাঁচার ৮ আমল

498-05f971b5ec196b8c65b75d2ef82673311789529578.jpg


মানুষের সামনে নিজেকে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করা সহজ। কিন্তু মানুষের দৃষ্টির আড়ালে নিজের নফস ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকা অনেক কঠিন। সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা প্রকাশ্যে নামাজ, ইবাদত ও নেক আমলে যত্নশীল এবং দীনদার হিসেবে পরিচিত। কিন্তু গোপনে তারা নানা ধরনের পাপ ও গোনাহে জড়িয়ে পড়েন। মানুষের চোখ এড়িয়ে করা এসব গোনাহ ধীরে ধীরে অন্তরকে কলুষিত করে এবং ইবাদতের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

ইসলাম প্রকাশ্য ও গোপন—উভয় ধরনের পাপ থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছে। মহান আল্লাহ বলেন, ‘তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন করো। যারা পাপ করে, অচিরেই তাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে।’ —সুরা আনআম, আয়াত ১২০

গোপন পাপ থেকে বাঁচতে আত্মশুদ্ধি, আল্লাহভীতি ও নিয়মিত ইবাদতের পাশাপাশি কিছু বিশেষ আমল করা যেতে পারে। কুরআন-হাদিসের আলোকে এমন আটটি আমল তুলে ধরা হলো—

১. আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা

গোপন পাপ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে অবাধ্যতা, নাফরমানি ও সব ধরনের গোনাহ থেকে মুক্তি চাওয়া মুমিনের অন্যতম আমল।

আল্লাহর সাহায্য ছাড়া নফস ও প্রবৃত্তির কুমন্ত্রণা থেকে পুরোপুরি মুক্ত থাকা কঠিন। তাই নিয়মিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করা উচিত।

২. নফসের সঙ্গে মুজাহাদা করা

গোপন পাপের অন্যতম কারণ হলো নফসের প্রবৃত্তি ও কুমন্ত্রণা। তাই নিজের নফসের বিরুদ্ধে মুজাহাদা বা সংগ্রাম করতে হবে। মনের মধ্যে পাপের চিন্তা জাগলে তা দমন করার চেষ্টা করতে হবে এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে।

নফস যা চায়, তা-ই করা নয়; বরং আল্লাহ যা পছন্দ করেন, সেটিই বেছে নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

৩. গোপন পাপের ভয়াবহ পরিণতি স্মরণ করা

গোপনে পাপ করার কারণে মানুষের আমল নষ্ট হয়ে যেতে পারে-এ বিষয়টি সব সময় মনে রাখা জরুরি। হাদিসে গোপন গোনাহের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

হজরত সাওবান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি আমার উম্মতের কিছু মানুষ সম্পর্কে জানি, যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালা সমতুল্য নেক আমল নিয়ে উপস্থিত হবে। কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন।’

হজরত সাওবান (রা.) জানতে চাইলে রাসুলুল্লাহ (সা.) জানান, তারা এমন লোক, যারা রাতের বেলা ইবাদত করে; কিন্তু মানুষের অগোচরে আল্লাহর হারাম করা কাজে লিপ্ত হয়। -সুনানে ইবনে মাজাহ, হাদিস ১৪১৮

এই হাদিস একজন মুমিনকে সতর্ক করে যে, শুধু মানুষের সামনে ভালো আমল করলেই হবে না; একান্ত নির্জন অবস্থাতেও আল্লাহর বিধান মেনে চলতে হবে।

৪. সব সময় আল্লাহর পর্যবেক্ষণের কথা স্মরণ করা

গোপনে পাপ করার সময় মানুষ মনে করতে পারে, তাকে কেউ দেখছে না। কিন্তু একজন মুমিনের বিশ্বাস হলো—আল্লাহ সব সময় তাকে দেখছেন এবং তার প্রকাশ্য ও গোপন সব কাজ সম্পর্কে অবগত।

মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর পর্যবেক্ষক।’ -সুরা নিসা, আয়াত ১

এই বিশ্বাস অন্তরে দৃঢ় থাকলে নির্জনে পাপ করার প্রবণতা অনেকটাই কমে যায়। মানুষ যখন মনে করবে, পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ তাকে দেখছেন, তখন তার মধ্যে আল্লাহভীতি তৈরি হবে।

৫. অন্তরে লজ্জাবোধ জাগ্রত করা

গোনাহ করার সময় নিজেকে প্রশ্ন করা যেতে পারে-মানুষ আমাকে দেখলে কি আমি এই কাজটি করতে পারতাম? যদি উত্তর হয় ‘না’, তাহলে মনে রাখতে হবে, মানুষের চেয়ে আল্লাহকে লজ্জা করার বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তুমি তোমার পরিবারের কোনো প্রভাবশালী সদস্যকে যেমন লজ্জা পাও, আল্লাহকে (কমপক্ষে) তেমন লজ্জা করো।’ -মুসনাদুল বাজ্জার, ৭/৮৯

তাই একান্ত নির্জনেও আল্লাহর প্রতি লজ্জাবোধ ও তাকওয়া জাগ্রত রাখতে হবে।

৬. মৃত্যুর কথা স্মরণ করা

গোনাহ করার সময় যদি হঠাৎ মৃত্যু এসে যায়, তাহলে কী অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে—এ কথা মনে করা উচিত। মৃত্যু কখন আসবে, তা কেউ জানে না। তাই পাপ থেকে তওবা করার জন্য কোনো নির্দিষ্ট সময়ের অপেক্ষা করা ঠিক নয়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক ব্যক্তিকে ওই অবস্থায় ওঠানো হবে, যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে।’ —সহিহ মুসলিম, হাদিস ২২০৬

মৃত্যুর কথা স্মরণ করলে মানুষের মধ্যে আত্মসংযম ও আল্লাহভীতি বৃদ্ধি পায়।

৭. জান্নাত ও জাহান্নামের কথা স্মরণ করা

আল্লাহর নেয়ামত, জান্নাতের সুখ-শান্তি এবং মুমিনদের জন্য প্রস্তুত পুরস্কারের কথা নিয়মিত স্মরণ করা উচিত। একই সঙ্গে জাহান্নামের ভয়াবহ শাস্তি ও আল্লাহর অসন্তুষ্টির কথাও মনে রাখতে হবে।

জান্নাতের আশা মানুষকে নেক আমলে উৎসাহিত করে, আর জাহান্নামের ভয় তাকে গোনাহ থেকে বিরত থাকতে সাহায্য করে। তাই জীবনে আশা ও ভয় দুই অনুভূতির ভারসাম্য রাখা জরুরি।

৮. অবসরে জিকির ও চিন্তা-ভাবনায় থাকা

অবসর সময় মানুষের জন্য যেমন কল্যাণের সুযোগ, তেমনি গোনাহেরও সুযোগ তৈরি করতে পারে। তাই অবসর সময়কে জিকির, কুরআন তিলাওয়াত, দ্বীনি জ্ঞান অর্জন এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা-ভাবনায় কাজে লাগানো উচিত।

মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে এবং দিবস ও রাত্রির পরিবর্তনে বোধশক্তিসম্পন্ন মানুষের জন্য নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আর বলে, হে আমাদের রব! আপনি এগুলো নিরর্থক সৃষ্টি করেননি। আপনি পবিত্র। আপনি আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।’ -সুরা আলে ইমরান, আয়াত ১৯০-১৯১

গোপন পাপ থেকে বাঁচার মূল উপায় হলো অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা তৈরি করা। মানুষ যখন বিশ্বাস করবে যে আল্লাহ তার প্রতিটি কাজ দেখছেন এবং একদিন সব কাজের হিসাব দিতে হবে, তখন প্রকাশ্য ও গোপন উভয় অবস্থায় পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। তাই আত্মশুদ্ধি, নিয়মিত তওবা, জিকির ও আল্লাহর স্মরণকে জীবনের অংশ করে নেওয়া জরুরি।