
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: সংগৃহীত
টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি বলেন, দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে টেপ বল ক্রিকেটের এ ধরনের আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে টেপ বল ক্রিকেটে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) ও পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের (পিএসসি) আয়োজনে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটাতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা অন্যতম কার্যকর মাধ্যম। খেলাধুলার মাধ্যমে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে এনে একটি সুস্থ জাতি গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলাকে গুরুত্ব দিয়ে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুণগত পরিবর্তন আনার মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ জন্য তরুণ-কিশোরসহ সমাজের সর্বস্তরের মানুষকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদের সভাপতিত্বে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর খান।
এ সময় বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল, ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠনের সদস্য এবং স্থানীয় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১২ রানে চ্যাম্পিয়ন টিম গ্যালাক্সী
বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড আয়োজিত গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হয় টিম গ্যালাক্সী কুড়িগ্রাম ও রোজার রাইডার্স কুষ্টিয়া।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টিম গ্যালাক্সী নির্ধারিত ২০ ওভারে ২৫৬ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোজার রাইডার্স কুষ্টিয়া ২৪৪ রান করতে সক্ষম হয়।
ফলে ১২ রানের ব্যবধানে জয় পেয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের গ্র্যান্ড ফাইনালের চ্যাম্পিয়ন হয় টিম গ্যালাক্সী কুড়িগ্রাম।