
ছবি- সংগৃহীত
বিলবোর্ড ২০০-এর অ্যালবাম তালিকায় নতুন মাইলফলক স্পর্শ করেছে বব মার্লে অ্যান্ড দ্য ওয়েইলার্সের জনপ্রিয় সংকলন অ্যালবাম ‘লেজেন্ড: দ্য বেস্ট অব বব মার্লে অ্যান্ড দ্য ওয়েইলার্স’। যুক্তরাষ্ট্রের অ্যালবাম তালিকাটিতে অ্যালবামটি ৯৫০তম সপ্তাহ পূর্ণ করেছে।
এ সপ্তাহে বিলবোর্ড ২০০-তে এক ধাপ এগিয়েছে ‘লেজেন্ড’। ৮৪ নম্বর থেকে উঠে অ্যালবামটি এখন ৮৩ নম্বরে অবস্থান করছে।
অ্যালবামটি কখনো বিলবোর্ড ২০০-এর শীর্ষস্থান দখল করতে পারেনি। তবে দীর্ঘ সময় ধরে তালিকায় অবস্থানের কারণে এটি চার্টের ইতিহাসে একাধিক শীর্ষস্থানীয় অ্যালবামের চেয়েও বেশি সময় ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে।
৯৫০ সপ্তাহ পূর্ণ করার মধ্য দিয়ে ‘লেজেন্ড’ এখন বিলবোর্ড ২০০-এর অত্যন্ত সীমিত একটি ক্লাবে জায়গা করে নিয়েছে। এর আগে একমাত্র পিংক ফ্লয়েডের ‘দ্য ডার্ক সাইড অব দ্য মুন’ এই মাইলফলক স্পর্শ করেছিল।
‘দ্য ডার্ক সাইড অব দ্য মুন’ এখন ১ হাজার সপ্তাহের মাইলফলকের কাছাকাছি। চার্টে আরও প্রায় এক মাস অবস্থান করতে পারলেই অ্যালবামটি বিলবোর্ড ২০০-এর ইতিহাসে প্রথম ১ হাজার সপ্তাহ পূর্ণ করা অ্যালবাম হবে। তবে ‘লেজেন্ড’ তুলনামূলকভাবে নিয়মিত চার্টে অবস্থান করায় দুই অ্যালবামের মধ্যে কে আগে ১ হাজার সপ্তাহে পৌঁছাবে, তা নিয়েও তৈরি হয়েছে সম্ভাবনা।
বিলবোর্ড ২০০-তে ৯০০ সপ্তাহের বেশি অবস্থান করা তৃতীয় অ্যালবাম হলো জার্নির ‘গ্রেটেস্ট হিটস’। অ্যালবামটি সম্প্রতি ৯০০ সপ্তাহের মাইলফলক অতিক্রম করেছে এবং প্রতি সপ্তাহেই এর মোট সময় আরও বাড়ছে।
এদিকে রেগে অ্যালবামস চার্টেও যথারীতি আধিপত্য ধরে রেখেছে ‘লেজেন্ড’। প্রায় ৩৫০ সপ্তাহ ধরে এই তালিকায় থাকা অ্যালবামটি বর্তমানে ১ নম্বরে রয়েছে। এ সময়ে মাত্র একবার শীর্ষস্থান থেকে নেমেছিল এটি।
চলতি সপ্তাহে রেগে অ্যালবামসের সেরা ১০-এ বব মার্লে অ্যান্ড দ্য ওয়েইলার্সের দুটি অ্যালবাম রয়েছে। ‘লেজেন্ড’ শীর্ষস্থান ধরে রাখলেও ‘এক্সোডাস’ ৯ নম্বর থেকে উঠে ৮ নম্বরে অবস্থান করছে। অ্যালবামটির সর্বোচ্চ অবস্থান ছিল ৩ নম্বর; কখনোই রেগে অ্যালবামসের শীর্ষে উঠতে পারেনি এটি।