News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
বিনোদন 2026-11-05, 9:10pm

জামিনের পরও বিতর্কে পরীমণি, আদালতে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনা

989846514-9b9427e5169479f748faaecf8f30a2bb1793891410.jpg


ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি। তবে জামিন পাওয়ার দিনই ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে তার ও ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া, গালিগালাজ এবং বিচারপ্রার্থীকে আহত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাটিতে বুধবার (৪ নভেম্বর) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু পরীমণি আদালতে উপস্থিত হননি। তার আইনজীবী অসুস্থতার কারণ দেখিয়ে সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত সমস্যার কারণে তিনি আদালতে আসতে পারেননি।

তবে বাদীপক্ষের আইনজীবী সময়ের আবেদনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরদিন সকালেই প্রায় ১০ থেকে ১১ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়ে আদালতে হাজির হন পরীমণি। পরে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

পরীমণির আদালতে উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে সেখানে সাংবাদিকদের ভিড় জমে। সকাল সাড়ে ৯টার দিকে একটি সাদা গাড়িতে করে আদালত প্রাঙ্গণে পৌঁছান তিনি। গাড়ির চারপাশে কালো পোশাক পরা নিরাপত্তাকর্মীরা অবস্থান নেন।

বেলা ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে বের হয়ে আদালতকক্ষে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) প্রতিবেদন অনুযায়ী, লিফটে ওঠার সময় ভিডিও ধারণ করছিলেন দৈনিক সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল হোসাইন। এ সময় পরীমণি তার মোবাইল ফোন কেড়ে নেন বলে অভিযোগ ওঠে। পরে ওই সাংবাদিক ফোনটি ফিরিয়ে নেন।

আদালত থেকে বের হওয়ার সময়ও সাংবাদিকদের সঙ্গে পরীমণির উত্তপ্ত বাক্যবিনিময় হয়। কয়েকজন সংবাদকর্মী তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে ধাক্কাধাক্কি ও হয়রানির অভিযোগ করেছেন।

আদালত প্রাঙ্গণে ধাক্কাধাক্কির ঘটনায় সুজন চন্দ্র মনি দাস নামে এক বিচারপ্রার্থী মাথায় আঘাত পান। তার মাথা থেকে রক্তক্ষরণ হয় বলে টিবিএস জানিয়েছে।

এ ছাড়া জাগো নিউজের প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার আহত হয়েছেন বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

পরীমণির নিরাপত্তাকর্মীদের আচরণ এবং আদালত প্রাঙ্গণে পুলিশের ভূমিকা নিয়েও সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

আদালতের ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি শব্দের একটি আক্রমণাত্মক পোস্ট দেন পরীমণি। পোস্টটি কাকে উদ্দেশ করে দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

এর আগে আদালত থেকে বের হওয়ার সময় তার গায়ে কেউ হাত দিয়েছেন বলে অভিযোগ করেন অভিনেত্রী। এ ঘটনাকে কেন্দ্র করেই সাংবাদিকদের সঙ্গে তার উত্তেজনা তৈরি হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরীমণির বিরুদ্ধে মামলাটি করেছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। তিনি একসময় ঢাকা বোট ক্লাবের সভাপতি ছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ৯ জুন সাভারের ঢাকা বোট ক্লাবে পরীমণি ও তার সহযোগীদের সঙ্গে নাসির উদ্দিন মাহমুদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে মারধর, গ্লাস ও মোবাইল ফোন দিয়ে আঘাত এবং হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় ২০২২ সালের ৬ জুলাই পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন নাসির উদ্দিন মাহমুদ।

২০২৪ সালের ১৮ মার্চ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়।

প্রতিবেদনে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলা হয়। তবে অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০২৫ সালের ২৬ জানুয়ারি আদালত পরীমণি ও জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

বোট ক্লাবের ঘটনার পর ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন পরীমণি। অর্থাৎ একই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়।