
বগুড়া সদরের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসচাপায় ছয় দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান দুর্ঘটনায় ছয়জন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছায়। এ সময় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেন।
দুর্ঘটনার সময় সড়কের পাশে কাজের সন্ধানে বেশ কয়েকজন দিনমজুর অপেক্ষা করছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এতে আরও অন্তত ১৫ জন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। পরে তাদের দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।