News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
আন্তর্জাতিক ডেস্ক প্রথম পাতা 2026-10-22, 9:06am

হুথি হামলার শঙ্কায় সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন কূটনীতিকদের

urup-ee58edb69e16bc94f91e8363866d796e1792638396.jpg


ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবে কর্মরত মার্কিন কূটনীতিকদের একটি অংশ ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও তেল স্থাপনায় প্রাণঘাতী হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে জরুরি দায়িত্বে নিয়োজিত নন, এমন সরকারি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। এতে প্রাণহানি ও বিমান চলাচলে বিঘ্ন ঘটছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, উপসাগরীয় অঞ্চলের অন্য কয়েকটি দেশে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশন থেকেও কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সৌদি আরবের বাইরে অন্য দেশগুলোতে ঠিক কী পরিসরে এই পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিস্তারিত জানায়নি।

বিমানবন্দর ও তেল স্থাপনায় প্রাণহানি

সৌদি আরবে একাধিক হামলায় হতাহতের ঘটনার পর যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত এসেছে। দেশটির দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। একই দিনে সৌদি আরামকোর শাইবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে আসা একটি ড্রোন সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করলে এর ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত হন।

এসব ঘটনার পর রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সম্ভাব্য নতুন হামলার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিমানবন্দরগুলোতে হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।

আঞ্চলিক সংঘাতের প্রভাব

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘাত নতুন করে তীব্র হওয়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর প্রভাব পড়ছে উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি ও বৈশ্বিক জ্বালানি বাণিজ্যেও।

এর আগে ইরানের হামলার মুখে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনা থেকে মার্কিন কূটনৈতিক কর্মীদের একটি অংশকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তাঁদের কয়েকজনকে আবার ওই অঞ্চলে ফিরিয়ে নেওয়া হয়। নতুন করে কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশে অঞ্চলটিতে নিরাপত্তা উদ্বেগ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স।