
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রস্তাবিত সম্পদ কর নিয়ে উদ্বেগের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে সেখানে বসবাসে রাজি করাতে বিশেষ চুক্তি করেছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা। নতুন এই ব্যবস্থায় কর পরিশোধের অর্থ জোগাড় করতে জাকারবার্গ কোম্পানির কিছু শেয়ার বিক্রি করতে পারবেন, তবে এতে মেটার ওপর তাঁর ভোটাধিকার ও নিয়ন্ত্রণ অক্ষুণ্ন থাকবে।
বুধবার (২১ অক্টোবর) মেটার প্রকাশিত তথ্য অনুযায়ী, চুক্তির আওতায় জাকারবার্গ আগামী আট বছর ক্যালিফোর্নিয়ায় অথবা মেটার সদর দপ্তর যে অঙ্গরাজ্যে থাকবে, সেখানে বসবাসের প্রতিশ্রুতি দিয়েছেন। এর বিনিময়ে তিনি ভোটাধিকারবিহীন নতুন শ্রেণির শেয়ার পাবেন। এসব শেয়ারের একটি অংশ বিক্রি করে সম্ভাব্য করের অর্থ পরিশোধ করতে পারবেন তিনি।
আগামী মাসে ক্যালিফোর্নিয়ায় প্রস্তাবিত সম্পদ কর নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। প্রস্তাবটি পাস হলে অঙ্গরাজ্যের বিলিয়নিয়ারদের সম্পদের ওপর এককালীন ৫ শতাংশ কর আরোপ করা হতে পারে। জাকারবার্গের সম্পদের পরিমাণ প্রায় ২৪০ বিলিয়ন ডলার। ফলে প্রস্তাবটি কার্যকর হলে তাঁকে কয়েক বিলিয়ন ডলার কর দিতে হতে পারে।
মেটার তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় জাকারবার্গ তাঁর প্রাপ্ত ভোটাধিকারবিহীন ‘ক্লাস সি’ শেয়ারের ২০ শতাংশ তাৎক্ষণিকভাবে বিক্রি করতে পারবেন। এতে কর পরিশোধের জন্য ভোটাধিকারযুক্ত শেয়ার বিক্রির প্রয়োজন কমবে এবং কোম্পানির ওপর তাঁর নিয়ন্ত্রণ বজায় থাকবে।
মেটা আরও জানিয়েছে, ২০২৭ সালের জানুয়ারিতে নতুন শ্রেণির শেয়ার ইস্যু করা হবে। এ উদ্যোগের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের অর্থ সংগ্রহ এবং দক্ষ কর্মীদের ধরে রাখার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের একটি বিশেষ কমিটির মতে, মেটার নেতৃত্বে জাকারবার্গের থাকা এবং ক্যালিফোর্নিয়ার সদর দপ্তর থেকে কার্যক্রম পরিচালনা করা গুরুত্বপূর্ণ। বিশেষ করে এআই প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা বাড়ার সময়ে তাঁর নেতৃত্ব ধরে রাখতে চায় প্রতিষ্ঠানটি।
ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এআই প্রযুক্তির উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ বিনিয়োগের পরিকল্পনা করছে। কোম্পানিটির পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক বছরে এই খাতে কয়েক শ বিলিয়ন ডলার সংগ্রহের প্রয়োজন হতে পারে।
সূত্র: রয়টার্স।