News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-11-04, 8:24am

ব্রহ্মপুত্র নদের মাঝখানে যাত্রীবাহী নৌকায় যমজ সন্তানের জন্ম

boat-dd8fc45d87f91c6f9a9f43a3f355a94a1793759075.jpg


গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের মাঝখানে যাত্রীবাহী নৌকায় যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। জরুরি মুহূর্তে হাসপাতালে নেওয়ার সুযোগ না থাকায় নৌকায় থাকা কয়েকজন নারী ছাতা দিয়ে আড়াল তৈরি করে প্রসবের ব্যবস্থা করেন। তাদের সহযোগিতায় একটি ছেলে ও একটি মেয়ের জন্ম হয়। মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে নৌকায় উঠেছিলেন মনোয়ার হোসেন। নৌকাটি ব্রহ্মপুত্রের মাঝপথে পৌঁছানোর পর হঠাৎ তার স্ত্রীর প্রসবব্যথা শুরু হয়। এতে নৌকার যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

নদীর মাঝখানে থাকায় দ্রুত হাসপাতালে পৌঁছানোর কোনো ব্যবস্থা ছিল না। নৌকায় পুরুষ যাত্রীদের উপস্থিতিতে প্রসূতির জন্য নিরাপদ পরিবেশ তৈরি করাও কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে কয়েকজন নারী এগিয়ে আসেন। তারা ছাতা দিয়ে নৌকার ছইয়ের একাংশ ঢেকে প্রসূতির জন্য আড়ালের ব্যবস্থা করেন। পরে সেখানেই একে একে যমজ সন্তানের জন্ম হয়।

প্রসূতির স্বামী মনোয়ার হোসেন বলেন, নদীর মাঝখানে এমন পরিস্থিতিতে তারা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। তবে নৌকায় থাকা কয়েকজন নারীর সহযোগিতায় কোনো বিপদ ছাড়াই তার স্ত্রী সন্তান জন্ম দিয়েছেন। মা ও দুই সন্তান সুস্থ থাকায় তাদের স্বস্তি ফিরেছে।

নৌকার যাত্রী ও এরেন্ডাবাড়ী এলাকার বাসিন্দা ফজলে রাব্বি বলেন, হঠাৎ প্রসবব্যথা শুরু হওয়ায় সবাই চিন্তিত হয়ে পড়েন। নদীর মাঝখানে থাকায় হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। পরে কয়েকজন নারীর সহযোগিতায় নৌকাতেই যমজ শিশুর জন্ম হয়।

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ বলেন, মাঝনদীতে সন্তান প্রসবের ঘটনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চরাঞ্চলের মানুষের জন্য জরুরি প্রসূতিসেবা পাওয়া এখনো বড় চ্যালেঞ্জ।

জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারিকুল ইসলাম জানান, চরাঞ্চলের অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসাসেবায় সরকারি বিশেষায়িত নৌকার ব্যবস্থা নেই। তবে বেসরকারি সংস্থার ‘মমতার তরী’ নামে একটি বিশেষায়িত নৌকা এ অঞ্চলে কাজ করছে।

সংশ্লিষ্টদের মতে, বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাসকারী গর্ভবতী নারীদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকারি উদ্যোগে ভাসমান চিকিৎসাকেন্দ্র চালু, জরুরি নৌ-অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এবং পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী নিয়োগ জরুরি। ব্রহ্মপুত্রের বুকে এই যমজ শিশুর জন্ম আবারও সামনে এনেছে চরাঞ্চলের প্রসূতিসেবার সীমাবদ্ধতা।