
নরসিংদীর পলাশে নিজ পরিবারের সদস্যদের গোপনে নগ্ন ও আপত্তিকর ভিডিও ধারণ করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীদের মধ্যে তার স্ত্রী, মেয়ে, শালি ও ভাগ্নি রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।
গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নরসিংদীর মাধবদী এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন গিয়াস উদ্দিন। এ সুযোগে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও ধারণ করে সেগুলো আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে টাকার বিনিময়ে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। এ কাজে তিনি মোটা অঙ্কের অর্থ আয় করতেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। তার ব্যাংক হিসাবেও সন্দেহজনক বড় অঙ্কের লেনদেনের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা।
সম্প্রতি প্রশাসনের নজরদারি এড়াতে মাধবদী ছেড়ে ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় একটি নতুন ভবনে ভাড়া ওঠেন তিনি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে তার গতিবিধির ওপর নজরদারি করা হয়। পরে পলাশ থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে অভিযুক্তের বাসা থেকে পর্নোগ্রাফিসংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।