
অস্ট্রেলিয়ায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)। আগামী ডিসেম্বরে সংগঠনটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের সঙ্গে আয়োজন করা হবে বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান। এতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মাননা জানানো হবে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিডনির লাকেম্বায় সংগঠনটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল কবির জিহনের সঞ্চালনায় এতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, সহসভাপতি ড. রতন কুন্ডু, আকিদুল ইসলাম, মাসুম বিল্লাহ ও আতাউর রহমান। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, মিডিয়া সম্পাদক আসিফ ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম এবং কার্যনির্বাহী সদস্য দিদার হোসেন, অর্ক হাসান ও মোহাম্মদ জসিম উদ্দিন বক্তব্য দেন।
সভায় আগামী ডিসেম্বরে অভিষেক ও বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার পাশাপাশি দেশ-বিদেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়।
সাংবাদিকদের নিরাপত্তায় ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত
সাংগঠনিক কর্মপরিকল্পনার পাশাপাশি সভায় সাংবাদিকদের অধিকার, পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। দেশে ও বিদেশে সাংবাদিকদের হয়রানি, নির্যাতন কিংবা পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানানো এবং তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে একমত হন নেতারা।
সভায় সর্বসম্মতিক্রমে আরও সিদ্ধান্ত হয়, এবিজেএর কোনো সদস্য হুমকি, হামলা, অপপ্রচার কিংবা পেশাগত দায়িত্ব পালনে বাধার শিকার হলে সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়াবেন। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে বয়কট এবং তাদের সংবাদ প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকার সিদ্ধান্তও নেওয়া হয়।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার বিকল্প নেই। সাংবাদিকদের অধিকার রক্ষায় সংগঠনের প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এবিজেএকে একটি শক্তিশালী, কার্যকর ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় প্রবাসে বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনের সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি সাংবাদিকদের অধিকার রক্ষায় ভবিষ্যতেও সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।