
ছবি: সংগৃহীত
বঙ্গলোক ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১০:১৩ এএম
ভারতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ' পর্বে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান স্পষ্ট করেছেন যে বাংলাদেশ ব্রিকসের সদস্য দেশ নয়। তবে সদস্য না হওয়া সত্ত্বেও ভারতের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে এই আমন্ত্রণ জানানো হয়েছে।
গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এই কূটনৈতিক পত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। ২৩ জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নিশ্চিত করেন যে আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সরকারের উচ্চপর্যায়ের সূত্র অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা শেষেই প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ব্রিকসের সদস্য হতে আগ্রহী । কূটনীতিকদের মতে, এই সম্মেলনে অংশ নিলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠকের সুযোগ তৈরি হতে পারে, যা ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।