
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের যুলকাদর হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য ছয়টি শর্ত দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণ পরিবর্তন না করা পর্যন্ত এই জলপথ বন্ধ থাকবে।
শনিবার প্রকাশিত এক বার্তায় যুলকাদর বলেন, “আমেরিকা তার আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে না।”
মার্কিন আচরণের সংশোধন বলতে কী বোঝাবে, তার রূপরেখা দিয়েছেন এই ইরানি কর্মকর্তা।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে নিম্নলিখিত ছয়টি শর্ত পালন করতে হবে:
১. কখনো, এবং কোনো ভাষাতেই, ইরানকে হুমকি দেওয়া বা এই জাতির পবিত্রতার অবমাননা করা যাবে না।
২. লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন এবং ইরাকে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ ও আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
৩. নৌ অবরোধ তুলে নিতে হবে এবং ইরানের চারপাশ থেকে তার সামরিক বাহিনী (নৌ ও বিমান) প্রত্যাহার করতে হবে।
৪. আগ্রাসন ও চাপিয়ে দেওয়া দুটি যুদ্ধের কারণে ইরানের যে ক্ষতি হয়েছে, তা কোনো প্রকার ছাড় না দিয়ে সম্পূর্ণরূপে পরিশোধ করতে হবে।
৫. ইরানি জাতির বিরুদ্ধে আরোপিত অন্যায় ও অবৈধ নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
৬. ইরানি জনগণের অবরুদ্ধ ও চুরি করা সম্পদ নিঃশর্তে মুক্তি দিতে হবে।
যুলকাদর বলেন, এগুলো ইরানি জনগণের দাবি, যারা ১৬০ দিন ধরে “রণক্ষেত্রে ও রাস্তায়” তাদের অবিচল উপস্থিতির মাধ্যমে এই দাবিগুলো তুলে ধরেছে।
তিনি জোর দিয়ে বলেন, “সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ কখনো পিছু হটবে না, যুদ্ধেও নয়, আলোচনায়ও নয়।”