
ছবি- সংগৃহীত
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের আসন্ন উত্তরণের প্রস্তুতি চলার এই সময়ে, একটি বুদ্ধিভিত্তিক বা মেধাসম্পদ (আইপি) পোর্টফোলিও-ভিত্তিক শিল্প অর্থনীতি গড়ে তোলা দেশের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
১৫ অক্টোবর ২০২৪ তারিখে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এ প্রকাশিত এক নিবন্ধে বিশ্লেষক এম রোকনুজ্জামান বাংলাদেশের আগামী দিনের অর্থনৈতিক পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। এলডিসি তালিকা থেকে দেশের উত্তরণের ফলে আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা ও নমনীয়তাগুলো বাংলাদেশ যে হারাতে যাচ্ছে, তা এক প্রকার অনিবার্য।
এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে বাংলাদেশকে সনাতনী কম খরচের উৎপাদন ব্যবস্থার নির্ভরতা কাটিয়ে উদ্ভাবন-ভিত্তিক অর্থনীতির দিকে এগোতে হবে। পেটেন্ট, নকশা ও নিজস্ব প্রযুক্তির সমন্বয়ে শক্তিশালী আইপি পোর্টফোলিও গড়ে তোলাই হবে এলডিসি-উত্তর যুগে দেশের শিল্প খাতের সক্ষমতা ও প্রতিযোগিতা টিকিয়ে রাখার মূল চাবিকাঠি।