News update
  • জাতীয় প্রেস ক্লাব সদস্য মৃণাল কৃষ্ণ রায় আর নেই     |     
  • এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনকে ঘিরে বিতর্ক     |     
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
শ্রম ও কর্মসংস্থান 2026-08-01, 8:18pm

অক্টোবরের মধ্যে প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক

primary-074de7e7c226d5c60f8af14c207253521785593911.jpg


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদান প্রক্রিয়া আগামী অক্টোবরের মধ্যে শুরু হতে পারে। দীর্ঘদিন ধরে নিয়োগপ্রক্রিয়া শেষ হওয়ার পরও যোগদান নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক নিয়োগ-সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান, নিয়োগ-সংক্রান্ত তদন্ত এবং পরবর্তী প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন জানান, সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের যোগদানের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। নিয়োগপ্রক্রিয়ার বিভিন্ন ধাপে তদন্ত ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে সময় লাগায় যোগদানে কিছুটা বিলম্ব হয়েছে।
সচিব বলেন, ‘প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে এ কাজে বিলম্ব হয়েছে। আশা করি, ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে।’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত এসব প্রার্থীকে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হবে। যোগদানের পর তাদের দায়িত্ব পালনের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সংশ্লিষ্টরা জানান, নতুন শিক্ষকরা যোগদান করলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট কিছুটা কমবে। একই সঙ্গে বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে নিয়োগপ্রক্রিয়ার পরবর্তী ধাপের অপেক্ষায় থাকা প্রার্থীদের মধ্যেও এ সিদ্ধান্তের ফলে স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগপ্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পন্ন করে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তবে তদন্ত ও অন্যান্য প্রক্রিয়াগত কারণে তাদের যোগদানে বিলম্ব হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। যোগদানের পর পদায়ন শেষে পর্যায়ক্রমে তাদের পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে।