
ছবি: সংগৃহীত
বিদ্যুৎ সাশ্রয়ে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার বুধবারের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১১ জুন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। নতুন সিদ্ধান্তে দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হলো।
চিঠিতে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও রাত ৮টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার বাইরে থাকবে।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে পরিচালনা, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ, সব ধরনের আলোকসজ্জা বন্ধ এবং মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।