
ছবি- সংগৃহীত
রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে ফের ফ্র্যাঞ্চাইজভিত্তিক (কোম্পানিভিত্তিক) বাস সেবা চালু করা হয়েছে। বাস রুট রশনালাইজেশন প্রকল্পের আওতায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর তত্ত্বাবধানে রোববার থেকে রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ রুটে এ সেবা চালু করা হয়। এর আগে ২০২১-২২ ও ২০২৫ সালে কয়েক দফায় এ উদ্যোগ নেয়া হলেও বাস্তবায়নে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল।
নতুন এই পরিকল্পনা অনুসারে, মোট সাতটি কোম্পানির অধীনে ৮৬১টি বাস নির্ধারিত রুটগুলোতে চলাচল করবে। রোববার উদ্বোধনের দিন চালু হওয়া বাসগুলোতে আগে থেকে নির্ধারিত নির্দিষ্ট রঙের প্রলেপ না থাকলেও উইন্ডশিল্ডে স্পষ্টভাবে রুট নম্বর, গন্তব্য ও বাস নম্বর প্রদর্শন করতে দেখা গেছে। এই ফ্র্যাঞ্চাইজ ব্যবস্থার মূল লক্ষ্য হলো স্বাধীন চালকদের মধ্যকার প্রতিযোগিতা বা রেষারেষি দূর করে একটি সুসংগঠিত ও কঠোরভাবে নিয়ন্ত্রিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা।
ডিটিসিএ-এর তথ্য অনুযায়ী, গাজীপুরের শিববাড়ী থেকে আজিমপুর পর্যন্ত ৪৩ কিলোমিটার দীর্ঘ রুটে 'ভিআইপি সিটি পরিবহন'-এর ২৫৩টি বাস চলবে। এছাড়া ঘাটারচর-ধৌর ২৮ কিমি রুটে 'পিপিপি সিটি পরিবহন' ২২৫টি, মিরপুর চিড়িয়াখানা-চুনকুটিয়া ২৩ কিমি রুটে 'চিড়িয়াখানা সিটি পরিবহন' ১৩৩টি, ঘাটারচর-কাঁচপুর ৩৩.২ কিমি রুটে 'থ্রি স্টার সিটি পরিবহন' ১২০টি এবং ঘাটারচর-ডেমরা স্টাফ কোয়ার্টার ২২.৩ কিমি রুটে 'রমজান আলী সিটি পরিবহন'-এর ৮০টি বাস চলাচল শুরু করেছে। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের মধ্যে 'ঢাকা চাকা সিটি পরিবহন'-এর ২০টি বাস টঙ্গী-আজিমপুর এবং 'ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস'-এর ৩০টি এসি বাস মিরপুর ১ আনসার ক্যাম্প-কাকলী সার্কুলার রুটে সেবা প্রদান করছে।
রোববার দুপুরে মানিক মিয়া এভিনিউতে এই সেবার উদ্বোধন করেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি জানান, রাজধানীর মোট ৩২টি রুটে পর্যায়ক্রমে এ সেবা সম্প্রসারণ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, আগামী দুই মাসের মধ্যে আরও চারটি রুটে নতুন এই সার্ভিস চালু করা হবে। অন্যদিকে, পুরানো ও চলাচল অনুপযোগী বাসগুলো পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।