News update
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
  • দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী     |     
  • রাষ্ট্রপতি নির্বাচনে লড়বে জামায়াত, রোববার প্রার্থী ঘোষণা     |     
বঙ্গলোক রিপোর্ট খবর 2026-08-03, 10:59pm

জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, যত টাকায় বিক্রি

dfjfwe-3d4fd05da64405f132c5b73ac4b86b271785776360.jpg

২ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ।ছবি: সংগৃহীত


লক্ষ্মীপুরের রামগতিতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। বিরল আকৃতির এই ইলিশটি সোমবার দুপুরে উপজেলার মতিরহাট মাছঘাটে নিলামে তোলা হলে সর্বোচ্চ দর উঠে সাড়ে ১০ হাজার টাকা। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন ব্যবসায়ী মো. রিয়াজ ব্যাপারী।


মতিরহাট মাছঘাটের সারু মিয়ার আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অন্তত ১০ জন মাছ ব্যবসায়ী অংশ নেন। নিলামে একাধিক ব্যবসায়ীর মধ্যে দর-কষাকষির পর মাছটির দাম সাড়ে ১০ হাজার টাকায় গিয়ে ঠেকে।


জানা গেছে, রামগতির চরগাজী ইউনিয়নের জেলে মনু মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। পরে তিনি মাছটি মতিরহাট মাছঘাটে নিয়ে এসে সারু মিয়ার আড়তে বিক্রির জন্য তোলেন। মাছটির আকার ও ওজন দেখে ঘাটে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়।


মাছটির ক্রেতা মো. রিয়াজ ব্যাপারী বলেন, ‘এত বড় ইলিশ সচরাচর নদীতে পাওয়া যায় না। ঢাকার বাজারে বড় ইলিশের চাহিদা রয়েছে। সে কারণে সাড়ে ১০ হাজার টাকা দিয়ে মাছটি কিনেছি। এটি মোকামে পাঠানো হবে। আশা করছি, সেখানে ১৪ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারব।’


আড়তদার সারু মিয়া বলেন, জেলেরা নিয়মিত নদী থেকে বিভিন্ন ধরনের মাছ নিয়ে তাঁর আড়তে আসেন। এর মধ্যে বড় আকৃতির ইলিশ খুব বেশি পাওয়া যায় না। সোমবার মনু মাঝির জালে ধরা পড়া ইলিশটি আড়তে আনার পর ব্যবসায়ীদের মধ্যে এটি কেনার আগ্রহ দেখা যায়। পরে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে রিয়াজ ব্যাপারী মাছটি কিনে নেন।


কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, ‘বড় আকৃতির একটি ইলিশ ধরা পড়ার বিষয়টি শুনেছি। বাজারে বড় ইলিশের চাহিদা তুলনামূলক বেশি। এ কারণে বড় আকারের ইলিশ সাধারণত বেশি দামে বিক্রি হয়।’


স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, ইলিশের আকার যত বড় হয়, বাজারে এর চাহিদা ও দামও তত বাড়ে। বিশেষ করে ঢাকার বাজারে বড় আকারের ইলিশের ক্রেতা থাকায় নদী ও উপকূলীয় মাছঘাটগুলোতে এসব ইলিশ নিলামে তুললে ব্যবসায়ীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। রামগতির মতিরহাট মাছঘাটে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটির নিলামও তারই একটি উদাহরণ।