News update
  • ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে     |     
  • দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু     |     
  • স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, বিলবোর্ডে মিলল সীমিত ছাড়     |     
  • চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত      |     
  • কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে     |     
বঙ্গলোক রিপোর্ট খবর 2026-08-11, 9:49am

এসএসসি ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ, যেভাবে করবেন

ssc-27aac09307f5a0863d8e1dd8a4e3e76d1786420182.jpg

ছবি: সংগৃহীত


এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এ জন্য কোনো ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


গত ৮ আগস্ট বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।


প্রতি পত্রে ফি ১৫০ টাকা


ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রের ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বাংলা ও ইংরেজির মতো দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।


আবেদন ফি অনলাইনে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। একজন শিক্ষার্থী ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পরও চাইলে অতিরিক্ত কোনো বিষয়ের জন্য নতুন করে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। তবে দ্বিতীয়বার আবেদনের সময় নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।


ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ে কোনো ভুল হলে তা সংশোধনের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে ভুল বা অনাকাঙ্ক্ষিত বিষয় বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি পরিশোধ হয়ে গেলে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিল করা যাবে না। একই সঙ্গে পরিশোধ করা ফিও ফেরত দেওয়া হবে না।


যেভাবে পুনর্নিরীক্ষণের আবেদন করবেন


ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে—


পুনর্নিরীক্ষণ আবেদন পোর্টাল


এরপর নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে—


১. ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।


২. ড্রপডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।


৩. পরবর্তী ধাপে একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফল প্রকাশের পর ওই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।


৪. এরপর স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো টিক চিহ্ন দিয়ে নির্বাচন করতে হবে।


৫. বিষয় নির্বাচন শেষে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করলে পরবর্তী স্ক্রিনে মোট ফি দেখানো হবে।


৬. নির্ধারিত ফি বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি পরিশোধের বিস্তারিত নিয়ম জানতে আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশন ব্যবহার করা যাবে।


৭. ফি পরিশোধ সফল হলে আবার আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপরই পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।


প্রকাশ হয়েছে এসএসসি ও সমমানের ফল


এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল গতকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।


এসএমএসে ফল জানতে যেকোনো মোবাইল ফোন থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে বার্তা পাঠানো যাবে।


১৬১৪০ নম্বরে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—SSC, এরপর একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর।


উদাহরণ: SSC Dha 123456 2026


এটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।


এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত ১৯ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পাসের হার বলে জানিয়েছে শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।