
পাবনার ঈশ্বরদীতে কাঁচা মরিচের দাম বেড়ে কেজিপ্রতি ৩০০ টাকায় উঠেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে প্রায় তিন গুণ। একই সঙ্গে বেড়েছে বিভিন্ন ধরনের শাক-সবজির দামও। বৃষ্টিতে ফসলের ক্ষতি এবং বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বুধবার (২৯ জুলাই) সকালে ঈশ্বরদীর বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার দোকানগুলোতে দাম আরও কিছুটা বেশি। অথচ এক সপ্তাহ আগেও একই মরিচ বিক্রি হয়েছে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে। এর আগে দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা।
কাঁচা মরিচের পাশাপাশি অন্যান্য সবজির দামও বেড়েছে। ৪০ টাকার কচুরমুখী এখন ৭০ টাকা, ৫০ টাকার বেগুন ১২০ টাকা এবং শসা বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে। এছাড়া আলু ৩৫, পেঁয়াজ ৭০, পটল ৬৫, ঝিঙে ৬০, করলা ১১০, ঢ্যাঁড়শ ৫৫, ফুলকপি ৯০, কাকরোল ৭০ ও পেঁপে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটি লাউয়ের দাম ৫০ থেকে ৬০ টাকা এবং চালকুমড়া ৫০ টাকা। পাশাপাশি মাছ ও মুরগির দামও বাড়তির দিকে।
ঈশ্বরদী বাজারের সবজি বিক্রেতা জুয়েল হোসেন বলেন, টানা বৃষ্টি ও বন্যার পানিতে মরিচক্ষেত তলিয়ে যাওয়ায় অনেক গাছ নষ্ট হয়েছে। এতে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। একই কারণে অন্যান্য সবজির সরবরাহও কমেছে।
তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে যে কাঁচা মরিচ ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি করেছি, এখন সেটিই ৩০০ থেকে ৩১০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।’
কাঁচা মরিচের পাইকারি ব্যবসায়ী সঞ্জয় সরকার বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগে দেশের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হওয়ায় উত্তরাঞ্চলে উৎপাদিত কাঁচা মরিচের বড় একটি অংশ ঢাকা ও দক্ষিণাঞ্চলে সরবরাহ করা হচ্ছে। ফলে স্থানীয় বাজারে সরবরাহ কমে যাওয়ায় চাহিদার তুলনায় দাম বেড়েছে। বর্তমানে পাইকারি বাজারে কাঁচা মরিচ ২৮০ থেকে ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজি কিনতে আসা রিকশাচালক সুদের দাস বলেন, ‘বৃষ্টির কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। এক পোয়া মরিচ কিনতেই ৭৫ টাকা দিতে হয়েছে। কয়েক দিন ধরে বৃষ্টির কারণে ঠিকমতো রিকশা চালাতে পারছি না, আয়ও কমে গেছে। এর মধ্যে নিত্যপণ্যের দাম বাড়ায় সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে।’
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সবজির আবাদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কাঁচা মরিচের গাছ পানিতে নষ্ট হয়ে উৎপাদন কমেছে। এ কারণে কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির দাম বেড়েছে।