News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
স্পোর্টস ডেস্ক খেলাধুলা 2026-11-07, 2:17pm

তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয়

ridoy-6c28d5587213b2bdb5eac30fa1cf066e1794039475.jpg


অভিষেকটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন তাওহিদ হৃদয়। জিম্বাবুয়ে সফরে ম্যাচটা হেরেছিল বাংলাদেশ, নিজেও ভালো করতে পারেননি। তবে এরপর নিজে সাদা পোশাকে অবিস্মরণীয় কীর্তি গড়েছেন জিম্বাবুয়ের পড়শি দক্ষিণ আফ্রিকায়। সে সূত্রে আবারও দলে ডাক পাওয়া। সেই তাওহিদ হৃদয় এবার সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন। উইন্ডিজের বিপক্ষে দল যখন ধুঁকছে, তখন নিঃসঙ্গ শেরপা হয়ে লড়লেন একাই। 


সিলেটের উইকেটটা কঠিন হয়নি এখনও, তবে পরিস্থিতিটা এরপরও কঠিন হয়ে পড়েছে সঙ্গীদের আসা যাওয়ার মিছিলে। একের পর এক ব্যাটার আসছেন, আর যাচ্ছেন। দিনের শুরু হয় মুশফিকুর রহিমের উইকেট দিয়ে, এরপর লিটন দাসও মুশফিকের মতোই ক্যাচিং প্র্যাকটিস করিয়ে ফেরেন সাজঘরে।


১৩৮ রানে চলে গিয়েছিল ৫ উইকেট। মেহেদী হাসান মিরাজের এমন পরিস্থিতিতে অনেক ভালো ইনিংস আছে, তবে আজ তার পুনরাবৃত্তি ঘটল না, তিনি রস্টন চেসের শিকার হয়ে ফিরলেন ১৬ রান করে। হাসান মাহমুদও ফিরলেন শিগগিরই।


ওপাশে যখন এভাবে একের পর এক আসা যাওয়া চলছে সঙ্গীদের, এপাশে তাওহিদ ছিলেন বেশ সাবলীল। সেশনের শেষ দিকে বেশ দায়িত্বশীলতার পরিচয়ও দিয়েছেন। সঙ্গী তাইজুল বহুবার সিঙ্গেলের জন্য ডাকলেও স্ট্রাইক ধরে রেখেছেন, স্বীকৃত ব্যাটার হিসেবে যা করা প্রয়োজন, করেছেন সেটাই। এপাশে সহজে রান আসছিল। সে সুযোগগুলো লুফে নিয়ে চলে গেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। সেঞ্চুরি!


তার সেঞ্চুরির পরপরই অবশ্য সেশন শেষের ঘোষণা দিয়েছেন আম্পায়ার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ তুলেছে ২০৫ রান, উইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩৫৬ থেকে এখনও আছে ১৫০ রানের দূরত্বে।