News update
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
  • দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী     |     
  • রাষ্ট্রপতি নির্বাচনে লড়বে জামায়াত, রোববার প্রার্থী ঘোষণা     |     
প্রথম পাতা 2026-08-05, 10:55am

হরমুজ প্রণালি খুলতে বুধবারের মধ্যেই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

untitled-2-copy-b4f68e24002637d7da4abe4f231b52461785905772.jpg

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ছবি: সংগ্রহীত


হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানের সঙ্গে বুধবারের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে ইরান এই জলপথ ব্যবহারকারী জাহাজ থেকে টোল আদায়ের দাবি জানালেও যুক্তরাষ্ট্র জানিয়েছে, কোনো ধরনের টোল ছাড়াই জাহাজ চলাচল করতে হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক অভিযানের সিদ্ধান্ত থেকে সরে আসার পর কূটনৈতিক তৎপরতা জোরদার হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আলোচনার অগ্রগতি ইতিবাচক পথে এগোচ্ছে।

তবে ওয়াশিংটনের এই দাবির বিপরীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। ওমান ও কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ এবং খসড়া চুক্তি বিনিময়ের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্যপথ হরমুজ প্রণালি স্বাভাবিক হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, সার ও শিল্প গ্যাসের সরবরাহ পরিস্থিতি দ্রুত উন্নতি হতে পারে। বর্তমানে এই জলপথে আটকে থাকা বা চলাচলের অপেক্ষায় থাকা শত শত পণ্যবাহী জাহাজ চুক্তি হলে আবারও স্বাভাবিকভাবে চলাচল শুরু করতে পারবে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর আশাবাদী বক্তব্যের পরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির নিরাপদ ও নির্বিঘ্ন কার্যক্রম পুনরায় শুরু হলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে।