News update
  • ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যার বৃদ্ধি: ৬৭২ জন হাসপাতালে ভর্তি এবং ২ জনের মৃত্যু     |     
  • এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের প্রতিবাদ     |     
  • জাতীয় প্রেস ক্লাব সদস্য মৃণাল কৃষ্ণ রায় আর নেই     |     
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-08-09, 5:33pm

এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের প্রতিবাদ

untitled-1-copy-bf6f0a72d5f9ee4a4a4f975ac97701711786275233.jpg


গত ৬ আগস্ট ”এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনকে ঘিরে বিতর্ক” প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। প্রতিবাদ লিপিতে তিনি বলেন, সম্প্রতি “এলজিইডি প্রধান প্রকৌশলীর ক্যাশিয়ারের ভূমিকা পালন করেন ড্রাইভার রফিক” শিরোনামে প্রকাশিত সংবাদে এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে আমার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বদলি ও পদায়নে অর্থ লেনদেন, অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে সম্পৃক্ততার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। প্রকাশিত সংবাদের এ ধরনের বক্তব্যের আমি সুস্পষ্ট প্রতিবাদ জানাচ্ছি।

এলজিইডিতে দীর্ঘদিন ধরে গ্রেডেশন তালিকা নিয়ে মামলা চলমান থাকায় নির্বাহী প্রকৌশলীর অনেক পদ শূন্য ছিল। এ বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে ভিন্নমতও রয়েছে। এক পক্ষের বক্তব্য, আদালতের মাধ্যমে আত্তীকরণ হওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি। অন্যদিকে আত্তীকরণ/নিয়মিতকরণ হওয়া কর্মকর্তাদের বক্তব্য, আদালতের আদেশেই তাদের আত্তীকরণ/নিয়মিতকরণ করা হয়েছে।

বিষয়টি আইনগত ও প্রশাসনিকভাবে জটিল হওয়ায় এবং মাঠপর্যায়ে নির্বাহী প্রকৌশলীর অনেক পদ শূন্য থাকায় দীর্ঘদিন ধরে এলজিইডির কার্যক্রমে সমস্যা সৃষ্টি হচ্ছিল। একই সঙ্গে চলমান মামলার কারণে নিয়মিত পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণ করাও সম্ভব হচ্ছিল না। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে প্রশাসনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে কিছু কর্মকর্তাকে নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়। এটি একটি সাময়িক প্রশাসনিক ব্যবস্থা, যার মাধ্যমে শূন্য পদে নিয়মিত পদায়ন না হওয়া পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম সচল রাখা হয়। বিষয়টিকে পদোন্নতি বা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা বিভ্রান্তিকর।

আমি দায়িত্ব গ্রহণের পর এলজিইডির কার্যক্রমে গতিশীলতা আনার জন্য বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছি। সরকারের বর্তমান মেয়াদের এই প্রায় ছয় মাসে প্রায় ১ লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রস্তাব প্রস্তুত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনে দাখিল করা হয়েছে। দেশের স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে।

দুঃখজনকভাবে, এসব ইতিবাচক কার্যক্রমের পাশাপাশি আমাকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

প্রধান প্রকৌশলী হিসেবে আমি স্পষ্টভাবে জানাচ্ছি, কোনো ধরনের ঘুষ, বদলি-বাণিজ্য, পদায়ন-বাণিজ্য কিংবা অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলোর সমর্থনে কোনো নির্ভরযোগ্য দলিল, আর্থিক লেনদেনের প্রমাণ বা যাচাইযোগ্য তথ্য সংবাদে উপস্থাপন করা হয়নি।

একইভাবে, আমার গাড়িচালক বা কোনো কর্মচারীকে ব্যবহার করে অর্থ আদায় কিংবা বদলি-পদায়ন বাণিজ্য পরিচালনার অভিযোগও সম্পূর্ণ অসত্য। কোনো কর্মকর্তা বা কর্মচারীর ব্যক্তিগত কর্মকাণ্ডের সঙ্গে আমাকে সম্পৃক্ত করে সংবাদ প্রকাশ করা অনভিপ্রেত এবং তথ্যগতভাবে বিভ্রান্তিকর।

প্রতিবেদনটি প্রকাশের আগে আমার বক্তব্য যথাযথভাবে গ্রহণ ও যাচাই করা হয়নি। ফলে একপক্ষের অভিযোগের ওপর ভিত্তি করে বিষয়টি উপস্থাপন করায় আমার দীর্ঘদিনের পেশাগত সুনাম ও দায়িত্ব পালনের বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আমি দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান, প্রশাসনিক প্রক্রিয়া ও প্রচলিত আইন অনুসরণ করে কাজ করে যাচ্ছি। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেকোনো নিরপেক্ষ তদন্তে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও নথিপত্র দিয়ে সহযোগিতা করতে আমি প্রস্তুত।

অতএব, প্রকাশিত সংবাদের অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণের অনুরোধ করছি। একই সঙ্গে প্রকাশিত সংবাদের অসত্য ও বিভ্রান্তিকর অংশ সংশোধন করে যথাযথ গুরুত্বসহকারে এই প্রতিবাদ প্রকাশের অনুরোধ জানাচ্ছি।