News update
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-10-14, 10:51pm

ডেঙ্গু রোধে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

pmo-91667673d284cbc294d29127195e33391791996864.jpg


ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করা ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়।

বুধবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

বার্তায় তিনি বলেন, প্রত্যেক ব্যক্তি ও পরিবার যেন সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় নিয়ে নিজেদের ঘরবাড়ি, আশপাশের এলাকা এবং প্রতিদিন চলাচলের পথে ডেঙ্গু মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করেন।

প্রধানমন্ত্রী বলেন, ঘরের আনাচকানাচ, রাস্তাঘাট ও জনসমাগমস্থলে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বংশবিস্তার করে। এসব স্থান নিয়মিত পরিষ্কার করা গেলে ডেঙ্গু প্রতিরোধে আরও বেশি সফল হওয়া সম্ভব।

তিনি বলেন, বিভিন্ন বয়সের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছেন এবং প্রাণ হারাচ্ছেন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব।

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশের মানুষের বড় বড় অর্জনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল হয়েছে এবং ২০২৪ সালে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, সবাই মিলে যদি এসব অর্জন সম্ভব হয়, তাহলে দেশের অন্যান্য সমস্যা সমাধানেও সম্মিলিতভাবে অবদান রাখা সম্ভব।

প্রধানমন্ত্রী জানান, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), স্কাউটস, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের মতো বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত সদস্যের সংখ্যা প্রায় ৪০ লাখ।

তারেক রহমান বলেন, শিক্ষার্থী ও এসব সংগঠনের সদস্যরা প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ময়লা-আবর্জনা পরিষ্কারের চেষ্টা করছেন।

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, টিকার ওপর নির্ভর করার পরিবর্তে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করা বেশি কার্যকর। বিভিন্ন পরীক্ষায় ডেঙ্গুর টিকার কার্যকারিতা সীমিত বলে দেখা গেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করতে পারলেই একটি সরকার সফল হয়। সরকার ও জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে চায় সরকার।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এ রোগে আক্রান্ত হয়ে বহু মানুষের প্রাণহানি ঠেকানো সম্ভব। সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে আগামী দিনে ডেঙ্গুর কারণে বহু মানুষের প্রাণহানি রোধ করা যাবে।