News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
আন্তর্জাতিক ডেস্ক প্রথম পাতা 2026-10-15, 7:52am

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

usa-biman-ab299007e65715d638bbf885e769c3dc1792029131.jpg


যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে অঙ্গরাজ্যটির ডেলোনা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাত ৯টা ৩১ মিনিটের দিকে উইসকনসিনের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল বা ৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। ডেলোনা শহরের মিরর লেক স্টেট পার্কের কাছে একটি বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় এলাকায় বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া ছিল।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) বুধবার জানায়, বিমানটি প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট এর ডানায় বরফ জমার কথা জানান এবং নিচে নামার অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে অনুমতি পাওয়ার পর বিমানটি নিচে নামতে শুরু করে।

এনটিএসবির তথ্য অনুযায়ী, বিমানটি ডানদিকে বাঁক নেওয়ার পর ক্রমেই ঘোরার গতি বাড়তে থাকে। একপর্যায়ে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর গতিপথ শনাক্ত করার তথ্যও পাওয়া বন্ধ হয়ে যায়।

সুক কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় পাঁচজন প্রাপ্তবয়স্ক ও এক শিশু নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল এক ইঞ্জিনবিশিষ্ট ফিক্সড-উইং পাইপার পিএ-৪৬ মডেলের। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি কাছের একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিল।

বিমানটির পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথন এবং দুর্ঘটনায় আবহাওয়ার কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ ঘটনায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও এনটিএসবির কর্মকর্তারা স্থানীয় কর্তৃপক্ষকে তদন্তে সহায়তা করবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ভূমিতে কোনো অবকাঠামোর ক্ষয়ক্ষতি বা অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।