News update
  • নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট     |     
  • মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের চেষ্টা, চালক-সহকারীর তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা     |     
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
আন্তর্জাতিক ডেস্ক প্রথম পাতা 2026-10-20, 7:42am

অস্ট্রেলিয়ায় আইনপ্রণেতাকে গাড়িচাপা, ইউটার্ন নিয়েছিলেন চালক

aus-fc8baa6879e639926be3916810962e131792460576.jpg


অস্ট্রেলিয়ার স্বতন্ত্র আইনপ্রণেতা হেলেন হেইনসকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করার আগে চালক গাড়িটি ইউটার্ন নিয়েছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ঘটনাটিকে ইচ্ছাকৃত হামলা বলে মনে করছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) ভিক্টোরিয়া রাজ্যের ওয়াঙ্গারাট্টা শহরে নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন হেইনস। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী জানান, রাতভর অস্ত্রোপচারের পরও তার অবস্থা আশঙ্কাজনক।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (এবিসি) আলবানিজ বলেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাবশত সড়ক থেকে সরে যায়নি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, হেইনস নিজের গাড়ির পেছনের অংশে মালপত্র ওঠানো বা নামানোর সময় তাকে ধাক্কা দেওয়া হয়।

এ ঘটনায় ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। দেশটির পুলিশ ও সন্ত্রাসবাদবিরোধী তদন্তসংশ্লিষ্ট একাধিক সংস্থা ঘটনাটি তদন্ত করছে। তবে হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গাড়িচালক প্রথমবার ধাক্কা দেওয়ার পর গাড়িটি পেছনে নিয়ে আবারও হেইনসকে আঘাত করেন। পরে এক পথচারী চালককে গাড়ি থেকে বের করে নিয়ন্ত্রণে আনেন।

নার্সিং ও মিডওয়াইফারিতে কাজ করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে যুক্ত ছিলেন হেইনস। ২০১৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইন্ডি আসন থেকে দেশটির পার্লামেন্টে নির্বাচিত হন তিনি। ২০২২ ও ২০২৫ সালের নির্বাচনেও আসনটি ধরে রাখেন।

সাম্প্রতিক বছরগুলোতে রাজনীতিবিদদের বিরুদ্ধে হুমকি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আলবানিজ। তিনি অস্ট্রেলীয়দের পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে চলার আহ্বান জানিয়েছেন।