News update
  • মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের চেষ্টা, চালক-সহকারীর তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা     |     
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
আন্তর্জাতিক ডেস্ক প্রথম পাতা 2026-10-20, 7:47am

রাশিয়ার জ্বালানি নিষেধাজ্ঞায় ছাড়ের সম্ভাবনা, কমল তেলের দাম

oil-c5af0543407a6e8ba11db6a69f7920141792460852.jpg


বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা ও শুল্কে ছাড় দেওয়ার সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বিবেচনায় নিয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) তেলের বাজারে এ নিম্নমুখী প্রবণতা দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ১০ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৯ সেন্ট বা ০.৪৫ শতাংশ কমে ১০৯.০৬ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) নভেম্বর সরবরাহের তেলের দাম কমে ১০৩.৩২ ডলারে দাঁড়ায়। আর ডিসেম্বর সরবরাহের ডব্লিউটিআইয়ের দাম ৪৬ সেন্ট বা ০.৪৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮.০৮ ডলারে নেমে আসে।

এর আগের দিন ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১১০.৭০ ডলারে উঠেছিল, যা গত ২০ মে-এর পর সর্বোচ্চ।

গত শুক্রবার রাতে রাশিয়ার জ্বালানি রপ্তানিসংশ্লিষ্ট কিছু নিষেধাজ্ঞা ও শুল্কে ছাড় দিয়ে নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রাশিয়ার পণ্য আমদানিতে শুল্ক এবং দেশটির তেল-গ্যাস কেনার সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিধিনিষেধও রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা করেননি ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, বিষয়টি পর্যালোচনায় আরও সময় প্রয়োজন।

বাজার বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার জ্বালানি সরবরাহ বাড়ার সম্ভাবনা তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করছে। তবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ও সরবরাহব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় দাম খুব বেশি কমছে না।

ইয়েমেনের ইরানপন্থি হুতি গোষ্ঠী সোমবার সৌদি আরবের বিভিন্ন জ্বালানি স্থাপনা, বিমানবন্দর ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সৌদি আরামকোর একটি স্থাপনাও রয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এসব হামলার দাবি নিশ্চিত করেনি। রয়টার্সও স্বাধীনভাবে দাবিগুলো যাচাই করতে পারেনি।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার আশঙ্কা বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে। ফলে রাশিয়ার জ্বালানি রপ্তানিতে সম্ভাব্য ছাড়ের কারণে দাম কমলেও সরবরাহসংকটের ঝুঁকি বাজারে প্রভাব ফেলছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানির মজুত কমে থাকতে পারে বলে রয়টার্সের প্রাথমিক জরিপে ধারণা দেওয়া হয়েছে। মজুতের প্রকৃত তথ্য প্রকাশের আগে এ বিষয়টিও বাজারের নজরে রয়েছে।

সূত্র: রয়টার্স।