
বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় নবম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার সকাল ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৩, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচকে এ চিত্র দেখা গেছে।
তালিকায় ২১১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি, স্কোর ২০৫। কঙ্গোর রাজধানী কিনশাসা ২০১ স্কোর নিয়ে তৃতীয় এবং মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ১৯৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। ভারতের মুম্বাই ১৭৬ স্কোর নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।
বায়ুমান সূচকের মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা দূষিত, তা পরিমাপ করা হয়। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, সূচকের স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ুর মান অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
সে হিসাবে ঢাকার বর্তমান বায়ুমান সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্যও উদ্বেগজনক। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্তদের দূষিত বাতাসের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।