
ছবি: সংগৃহীত
বঙ্গলোক ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ৮:৩০ পিএম
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে দেখতে এসে গ্রেপ্তার চার আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।
রিমান্ডে পাঠানো চার ব্যক্তি হলেন মোস্তাকিম হোসেন (৫১), মো. নূর আলম (৩৫), মো. রুহুল আমিন (২৯) ও মো. আনোয়ার হোসেন (৪৮)। গত ২৬ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক ট্রাকচালক হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন ধার্য ছিল। পলককে কারাগার থেকে আদালতে হাজির করার পর এই ৪ ব্যক্তি তাকে দেখতে আসেন।
পুলিশের দাবি অনুযায়ী, পলককে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের ক্যান্টিন গেট এলাকায় নিষিদ্ধ সংগঠনের (ছাত্রলীগ) কতিপয় সদস্য সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান ও ঝটিকা মিছিলের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। তখন পুলিশ ঘটনাস্থল থেকে হাতেনাতে এই চারজনকে আটক করে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কোতোয়ালী থানায় ওই দিনই (২৬ জুলাই) পুলিশ আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে।
গত ২৭ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) ইবনে খালিদ হোসেন আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।