
ছবি- সংগৃহীত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রায় ৫০০ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেছে।
ব্যাংকটির অভিযোগ, সাহাবুদ্দিন যখন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখনই এসব অনিয়ম সংঘটিত হয়।
আজ দুপুরে ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী ব্যাংকের পক্ষে দুদকে এই অভিযোগ জমা দেন।
অভিযোগপত্রে বলা হয়, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের ঋণসীমা ১০০ কোটি টাকা থেকে বেড়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়, যা অনিয়মের মাধ্যমে করা হয়েছে বলে দাবি ব্যাংকের। পরে ওই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ইসলামী ব্যাংক আরও অভিযোগ করেছে, ব্যবসায়ী সাইফুল আলম সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডকে অবৈধভাবে ঋণ সুবিধা দিতে সহায়তা করেন, যেটিকে ব্যাংকটি আননটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছে।
অভিযোগে বলা হয়, তৎকালীন বোর্ড সদস্য সাহাবুদ্দিনের পাশাপাশি ব্যাংকের তিন সাবেক ব্যবস্থাপনা পরিচালক—মনিরুল মাওলা, আবদুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ আরও অনেকে ঋণ অনুমোদনের প্রক্রিয়ায় জড়িত ছিলেন।
এছাড়া অভিযোগে বলা হয়েছে, ঋণ অনুমোদন ও বিতরণের প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিরা আর্থিকভাবে লাভবান হয়েছেন।
ব্যাংকটি জানায়, বিষয়টি তদন্তে চারটি অডিট ফার্ম নিয়োগ করা হয় এবং তারা ঋণসীমা বৃদ্ধি, অনুমোদন ও অর্থ বিতরণে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে।
ইসলামী ব্যাংকের অভিযোগ, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের আর্থিক সক্ষমতা ও ঋণ পরিশোধের যোগ্যতা যথাযথভাবে যাচাই না করেই ঋণসীমা বাড়ানো হয়।
ব্যাংকটি দুদকের কাছে অনুরোধ করেছে, পরবর্তীতে এই অর্থ ব্যাংকের স্বার্থবিরোধীভাবে ব্যবহার হয়েছে কি না তা তদন্ত করে দেখা হোক।
সূত্র: দ্য ডেইলি স্টার