
ছবি- সংগৃহীত
রাজধানীর মিরপুরে একটি চলন্ত বাসে আগুন দেওয়ার চেষ্টা চালক ও বাসের সহকারীদের সময়োপযোগী পদক্ষেপে ব্যর্থ হয়েছে।
শনিবার রাত আনুমানিক ১০টার দিকে মিরপুর-১২ নম্বর সেকশনের পল্লবী মেট্রোরেল স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা একদল দুষ্কৃতকারী বিহঙ্গ পরিবহনের একটি বাসের পেছনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।
ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহযোগীরা ক্ষিপ্রতার সঙ্গে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। ফলে আগুন বাসের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের পিছনের কয়েকটি সিট সামান্য পুড়ে গেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি বলেন, "বাসটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের চেষ্টা চালানো দুষ্কৃতকারীরা পালিয়েছে, তবে তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"