
ছুটির দিনে রাজধানীর বিভিন্ন সড়ক নিজে গাড়ি চালিয়ে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে তিনি রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার সড়ক পরিদর্শন করেন। এ সময় সড়কগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে গাড়ি নিয়ে বের হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখার সময় প্রায় আড়াই ঘণ্টার বেশি সময় তিনি রাস্তায় ছিলেন।
প্রধানমন্ত্রীর গাড়ি বিকেল ৬টা ১০ মিনিটের দিকে শ্যামলী এলাকা অতিক্রম করে। এরপর তিনি শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেওড়াপাড়াসহ রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়ক পরিদর্শন করেন।
উপ-প্রেস সচিব বলেন, রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে কাজ করছেন। তিনি বারবার ঢাকাকে ‘ক্লিন সিটি’ হিসেবে দেখতে চাওয়ার কথা জানিয়েছেন। এরই অংশ হিসেবে সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার সড়ক ও আশপাশের পরিবেশ সরেজমিনে দেখছেন তিনি।
সড়ক পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আরও জানান, দীর্ঘ সময় রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখার পর মাগরিবের নামাজের সময় গুলশানের বাসভবনে ফিরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।