
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ২০ বিলিয়ন ডলারের বিতর্কিত পরিকল্পনাটি (FIFA Forward Enterprise) আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে ফিফা। উয়েফা (UEFA), কনকাকাফ ও এএফসি-সহ বিশ্ব ফুটবল সংস্থাগুলোর তীব্র বিরোধিতা এবং বিশ্বকাপ বয়কটের হুমকির মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই ঘোষণা দেন।
পরিকল্পনাটি বহাল থাকলে উয়েফার ৫৫টি সদস্য দেশ ফিফার সব টুর্নামেন্ট বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। উয়েফার পাশাপাশি কনকাকাফ, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং কনমেবল এই বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে অবস্থান নেয়। ফিফা সভাপতি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডেইরো এই উদ্যোগকে ফুটবলের জন্য ক্ষতিকর আখ্যা দিয়ে পদত্যাগ করেন। জোশুয়া কুশনারের 'থ্রাইভ ইটার্নাল' তহবিল এই বিনিয়োগের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। ফিফা সভাপতি ইনফান্তিনো এক বিবৃতিতে স্বীকার করেছেন যে, এই পরিকল্পনাটি ফুটবল পরিবারে তীব্র বিভাজন তৈরি করেছে যা সংস্থার মূল লক্ষ্যের পরিপন্থী।