News update
  • মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের চেষ্টা, চালক-সহকারীর তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা     |     
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-10-13, 7:34am

ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক

আমানতকারীদের অর্থ ফেরাতে বিশেষ উদ্যোগ, ঋণের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক

national-bank-and-sonali-bank-6c9a4fab71f6d2a59794fa2fbb1b44d11791855263.jpg


আর্থিক সংকট কাটিয়ে উঠতে ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ঋণ হিসেবে এ অর্থ দেবে এবং ঋণের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক। কয়েক ধাপে এই অর্থ ছাড়ের পরিকল্পনা রয়েছে। এর বড় অংশ আমানতকারীদের পাওনা পরিশোধে ব্যয় করা হতে পারে।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আর্থিক সংকট মোকাবিলায় ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ২০ হাজার কোটি টাকা সহায়তা চেয়েছিল। তবে শেষ পর্যন্ত ১০ হাজার কোটি টাকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সরাসরি অর্থ না দিয়ে সোনালী ব্যাংকের দেওয়া ঋণের জামিনদার হিসেবে দায়িত্ব পালন করবে।

অতীতের অনিয়ম ও আর্থিক দুরবস্থার কারণে সংকটে পড়া ন্যাশনাল ব্যাংককে পুনরুদ্ধারের সুযোগ করে দিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবীন ও ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে ১৫ অক্টোবর থেকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার প্রস্তুতি শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। গত রোববার (১১ অক্টোবর) থেকে টাকা উত্তোলনের আবেদন নেওয়া হচ্ছে। এ কার্যক্রম চলবে বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে আমানতকারীরা টাকা তুলতে পারবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবীন বলেন, ১৫ অক্টোবর থেকে ব্যাংকটির সব শাখা ও এটিএম চালু করা হবে। ইতোমধ্যে সব শাখায় আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা নেওয়া হচ্ছে। ২০ অক্টোবর থেকে আবেদন না করলেও সব গ্রাহক টাকা ফেরত পাবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, অনেক আমানতকারী আপাতত টাকা তুলতে চাইছেন না। ফলে টাকা উত্তোলনের আবেদনও তুলনামূলক কম জমা পড়েছে। ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চালুর প্রস্তুতি চলছে।

মেলিতা মেহজাবীন জানান, নিজস্ব তহবিল থেকে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হলে বাংলাদেশ ব্যাংকের সহায়তা নেওয়ার প্রয়োজন হবে না। আবেদন অনুযায়ী নগদ অর্থের ব্যবস্থা করা হচ্ছে। তবে প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।